সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
খাদ্যসংকটে লোকালয়ে চলে এসেছে বানর। শনিবার নীলফামারীর সৈয়দপুরের চৌমহনী ও পার্বতীপুরের বেলাইচন্ডীতে এসব বানরের দেখা মিলছে। কখনো একা, কখনো দল বেঁধে ছুটছে বানরেরা। এলাকাবাসী জানায়, হঠাত্ বানর দেখে তারা হতবাক হয়েছেন। এলাকাবাসী এসব বানরকে খাবার দিচ্ছেন, কেউবা ভয়ে তাড়িয়ে দিচ্ছেন। বানরগুলো দ্রুত স্থান ত্যাগ করছে বলে জানায় তারা। পরিবেশ ও পশুপাখি নিয়ে কাজ করা সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন জানান, মূলত খাদ্যসংকটে এসব বানর লোকালয়ে চলে এসেছে। বানরগুলোর যাতে কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।
