চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি হেরোইনসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির সদস্যরা। শনিবার রাত সাড়ে ৩টার দিকে ৫৯ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লার নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালান। এসময় সীমান্ত পিলার ১৭৮/৩-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর আমবাগানে চোরাকারবারিদের ধাওয়া করলে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ হতে সাড়ে তিন কেজি হেরোইন, একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা।
