ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলবাড়িয়ায় বাঁশের সাঁকো থেকে পড়ে নিখোঁজ শিশুর লাশ রবিবার সকালে আখালিয়া নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সিনথিয়া। সে উপজেলার বালিয়ান ইউনিয়নের নয়নবাড়ি গ্রামের সোহেল মিয়া ও সাজেদা খাতুনের মেয়ে। থানার ওসি আজিজুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৭ জুন সকালে বাড়ির পাশে আয়মন নদীর ওপর বাঁশের সাঁকো দিয়ে পার হওয়ার সময় পা পিছলে পড়ে যায় সিনথিয়া। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সাজেদা খাতুন বলেন, তার মেয়ের মৃগী রোগ ছিল। ঐদিন কালো রঙের স্যান্ডেল পরে বাড়ি থেকে বের হয়েছিল। স্যান্ডেল দুইটি নদীতে পাওয়া গেছে। প্রতিবেশী নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক চেষ্টা করেও সিনথিয়ার খোঁজ পায়নি। রবিবার আখালিয়া নদীতে তার লাশ ভেসে উঠলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
