ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিদুত্স্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঐ এলাকার খালেক মিয়ার ছেলে গোলাম মাওলা (৩৫) ও তার ছেলে জুবায়ের (১১)। গুরুতর আহত গোলাম মাওলার স্ত্রী শামসুন্নাহারকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা জানান, ফ্রিজ কিনবে বলে গোলাম মাওলা সকালে ঘরের অন্যান্য মালামাল সরিয়ে জায়গা খালি করছিল। স্টিলের আলমারিতে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে ছিল। আলমারিটি স্থানান্তরিত করতে গেলে গোলাম মাওলা ও তার ছেলে জুবায়ের বিদুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার স্ত্রী শামসুন্নাহার বিদ্যুত্স্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
