হালদায় ফের ডিম ছেড়েছে মা-মাছ

আপডেট : ২০ জুন ২০২১, ২১:১০

চট্টগ্রাম অফিস

প্রাকৃতিক মাছের প্রজনন বঙ্গবন্ধু মত্স্য হেরিটেজ হালদায় ডিম ছেড়েছে মা-মাছ। শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এ ডিম ছাড়ে। এর আগে আরো কয়েক দফায় ডিম ছেড়েছে। ভোরে হালদায় ডিম সংগ্রহকারীরা নৌকাসহ সরঞ্জাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। হালদায় কাগতিয়া, আজিমের ঘাট, মাছুয়াঘোনা ও নাপিতেরঘাট এলাকা থেকে ডিম সংগ্রহ করা হয়। প্রতিবছর কার্পজাতীয় রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস মা-মাছ এপ্রিল থেকে জুন মাসে হালদায় এসে ডিম ছাড়ে। সংগ্রহ করা ডিম থেকে ফোটানো রেণু দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। গত ২৯ এপ্রিল হালদায় প্রথম দফায় মা-মাছ ডিম ছাড়ে। তবে ঐ সময়ে আশানুরূপ ডিম না ছাড়ায় সংগ্রহকারীরা হতাশ হন। ঐ সময়ে হালদায় কর্ণফুলী নদী থেকে লবণাক্ত পানি ঢুকে পড়ায় মা-মাছ ডিম ছাড়েনি। তখন সাড়ে ছয় হাজার কেজি  ডিম সংগ্রহ করা হয়েছিল। পরে ২৪, ২৫ ও ২৬ মে পুনরায় ডিম ছাড়ে মা-মাছ। আবার গত ২ জুন ডিম ছাড়ে। গবেষকরা জানান, প্রচুর বজ্রপাতসহ বৃষ্টি ও পাহাড়ি ঢল নামলে মা-মাছ বেশি ডিম ছাড়ে। কিন্তু এবার এ ধরনের অনুকূল পরিবেশ ছিল না। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত মা-মাছ ডিম ছেড়েছে। শতাধিক সংগ্রহকারী নৌকা নিয়ে এক কেজি থেকে এক বালতি পর্যন্ত ডিম সংগ্রহ করেছে।