করোনার সংক্রমণ রোধে জরুরি সভা
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়ীতে হঠাত্ করে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় করোনা সংক্রমণরোধে রবিবার দুপুরে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির এ জরুরি সভা উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, ফুলবাড়ী পৌরসভার মেয়র মো. মাহমুদ আলম লিটন প্রমুখ।
হ্যাপি ট্যাপ বিতরণ
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুরে শনিবার বিকালে প্রতিবন্ধীদের মধ্যে হ্যাপি ট্যাপ বিতরণ করা হয়েছে। সমতা প্রকল্পের উদ্যোগে উপজেলার বেলগাছা ও গোয়ালেরচর ইউনিয়নের ১৪ জন প্রতিবন্ধী ব্যক্তি ও ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়ার বিশেষ যন্ত্র এ হ্যাপি ট্যাপ বিতরণ করা হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি হ্যাপি ট্যাপ বিতরণ করেন।
মানিকখালী হাওর চক্ষু ক্লিনিক উদ্বোধন
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা কটিয়াদীতে ‘মানিকখালী হাওর চক্ষু ক্লিনিক’-এর উদ্বোধনের মধ্য দিয়ে প্রত্যন্ত হাওর এলাকায় চক্ষু চিকিত্সাসেবার নতুন দিগন্তের সূচনা করেছেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। শনিবার বিকালে এম.টি.টি.আই-এর চেয়ারম্যান নুসরাত নূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান হয়।
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়
স্টাফ রিপোর্টার, দিনাজপুর করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার দিনাজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. আবু তৈয়ব আলী দুলালের উদ্যোগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মতুর্জা আল-মুঈদের সঙ্গে পৌর কাউন্সিলরদের এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে এর আয়োজন করা হয়।
দ্বিমাসিক সমন্বয় সভা
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনীতে রবিবার জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের উপজেলার কমিটির দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম ঢাকার সহযোগিতায় এবং মউক ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম গাংনী উপজেলা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রশিক্ষণকক্ষে অনুষ্ঠানের প্রথম পর্বে মউকের প্রোগ্রাম ম্যানেজার ফাইমা খাতুনের সঞ্চালনায় গাংনী উপজেলা জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি নবীরউদ্দীনের সভাপতিত্বে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
