মাহী বললেন, কীভাবে সম্ভব!

আপডেট : ২০ জুন ২০২১, ২১:১১

 বিনোদন রিপোর্ট

 

মাহী বললেন, দকীভাবে সম্ভব!’ গতকাল (পরশু) সন্ধ্যার পর থেকেই বেশ অনলাইনসহ ফেসবুকে খবর ছড়িয়ে পড়ে যে, মাহী দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন। খবরে মাহীর সঙ্গে জনৈক্যের ছবি পোস্ট করে অনেকেই। এর সত্যতা জানতেই তাকে ইনবক্স করলে তিনি জানান, ‘কীভাবে সম্ভব! আমি অপুকে বিয়ে করেছি সবাইকে জানিয়েই। আমাদের এই দূরত্ব বা বিচ্ছেদের বিষয়টিও আমি খুব স্পস্ট করে ব্যাখ্যা করেছি। এখন এ অবস্থায় নিজের মনগড়া খবর কেউ প্রকাশ করলে আমার কী করার আছে? আমি গতকাল বিকেল থেকে নানারকম ইনবক্স পাচ্ছি।’

মাসখানেক হলো প্রাক্তন স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে থাকছেন না বলে ঘোষণা দেন মাহী। জানান, বিচ্ছেদের আনুষ্ঠানিকতা চলছে। সেই খবর বেশ বিষাদ ঢেলেছিল চিত্রনায়িকা মাহিয়া মাহী ভক্তদের মনে। কারণ এতদিন মাহী-অপুকে সুখী দম্পতি হিসেবেই জানতেন সবাই। সেই জানা ভুল হয়ে গেছে মাহীর ঘোষণায়।

এদিকে ছড়িয়ে পড়ে মাহীর দ্বিতীয় বিয়ের গুঞ্জন। সেই গুঞ্জনের শুরু ১১ জুন রাতে। সেই রাতে মেহেদি রাঙা হাতে, কাতান শাড়ি আর নাকফুল পরে একটি ছবি পোস্ট করেন মাহী তার ফেসবুকে। ছবির ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ’।

ব্যস! অনেকেই এটাকে ভেবে বসেছেন বিয়ের ছবি। নেটিজেনরা ছবিটিকে শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন মাহীকে দ্বিতীয় বিয়ের জন্য। কেউ কেউ দুয়ে দুয়ে চার মেলাতে চেয়েছেন ফেসবুকে মাহীর সঙ্গে এক যুবককে দেখতে পেয়ে। গুঞ্জনে বলা হচ্ছে, সেই যুবকের নাম রাকিব সরকার। তিনি একজন ব্যবসায়ী এবং রাজনীতিক। তার সঙ্গেই নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন মাহী।

এদিকে মাহী- অপুর বিচ্ছেদ হলেও অপুকে নিয়ে মাহীর কাব্যবিষাদ বন্ধ হয়নি। আর এই চলতি গুঞ্জনে ছাঁই ফেলতেই তাই সাবেক স্বামীকে নিয়ে কাব্যিকভাবে লিখলেন, ‘তুমি না থাকার শোক অন্য কাউকে নিয়ে ভাবতে দেয় না। আমিতো তোমার দিকেই চেয়ে থাকি, চোখ তো অন্যদিকে যায় না।’ এখন দেখার বিষয় এমন উতলা প্রেম-বিরহের পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়!