‘বাবার কারণে আজকে ঊবর্শী হতে পেরেছি’

আপডেট : ২০ জুন ২০২১, ২১:১২

 বিনোদন ডেস্ক

 

বলিউড অভিনেত্রী ঊবর্শী রাওতেলা এরইমধ্যে বেশকিছু সিনেমায় অভিনয় ও গানে পারফর্ম করে নিজের অবস্থান পোক্ত করেছেন। দর্শক গ্রহণযোগ্যতার আলোকে পরিচালক-প্রযোজকরাও তার ওপর ভরসা রাখতে দ্বিধা করছেন না। সেই ধারাবাহিকতায় বিগ বাজেটের দক্ষিণী সিনেমা ‘সাই-ফাই’-এ অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে তাকে মাইক্রোবায়োলজিস্টের ভূমিকায় দেখা যাবে। এছাড়া ‘ব্লাক রোজ’ ও ‘থিরুতু পায়েল টু’ সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। পাশাপাশি রণদ্বীপ হুদার বিপরীতে ‘ইন্সপেক্টর অবিনাশ’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন ঊবর্শী। এছাড়াও সম্প্রতি ‘ধুব গায়ে’ শিরোনামের একটি গানে পারফর্ম করে রীতিমতো আলোচনার কেন্দ্র রয়েছেন তিনি। নিজের ক্যারিয়ারে এমন অবস্থান তৈরির পথটা অতটা মসৃন ছিল না এই অভিনেত্রীর। এক সময় ক্যারিয়ার নিয়ে হতাশায় ভুগেছেন তিনি। তবে তার বাবার অনুপ্রেরণায় নতুন করে শুরুর শক্তি পেয়েছেন বলেন জানা ঊবর্শী। তিনি বলেন, ‘আজকের এই অবস্থান শুধুমাত্র আমার বাবার কারণে হয়েছে। আমার জীবনের অন্ধকার দিনগুলোতে আলোর পথ দেখিয়েছেন তিনি। ভয়ঙ্কর দিনগুলোতে যখন আমি নিজেকে অযোগ্য, ক্যারিয়ার নিয়ে হতাশ এবং ভালোবাসাহীন মনে করতাম নিজেকে তখন আমার বাবা কীভাবে বাঁচবো সেটা না বললেও মানসিক শক্তি জুগিয়েছেন। যা আজ আমাকে ঊবর্শী বানিয়েছে।’ নিজের নতুন সিনেমা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘সাই-ফাইয়ে দর্শকরা ভিন্ন এক ঊবর্শীকে দেখতে পাবেন। তারা আমাকে যেভাবে দেখতে চান সেভাবেই নিজেকে তুলে ধরার চেষ্টা করছি। প্রতিটি সিনেমাতেই নিজেকে ভাঙার চেষ্টা আমার বরাবরই রয়েছে। নিশ্চয় সামনে ভালো কিছু অপেক্ষা করছে।’