মাহতাবের নতুন গান ‘বৃষ্টিতে তুমি এলে’

আপডেট : ২০ জুন ২০২১, ২১:১২

 বিনোদন রিপোর্ট

 

তরুণ কথাসাহিত্যিক মাহতাব হোসেনের গীতিকবিতায় ‘বৃষ্টিতে তুমি এলে’ শিরোনামের নতুন গান সম্প্রতি প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সোহেল রাজ। গানের কথার সঙ্গে মিল রেখে গানটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শিল্পী নিজেই। নতুন গানটি প্রসঙ্গে মাহতাব হোসেন বলেন, ‘একটা গল্পকে মাথায় সাজিয়ে গানটি লেখার চেষ্টা করেছি। হয়তো একটা চিত্র ফুটে উঠেছে। সোশ্যাল প্ল্যাটফর্মে দেখলাম ইতিবাচক মন্তব্য। তবে সে সবের ওপর পুরোপুরি ভরসা না করে সৃষ্টিকে সময়ের ওপর ছেড়ে দিতে হয়। দেখা যাক, কেমন হয়।’ সোহেল রাজ বলেন, ‘বেশ চমত্কার কথামালার একটি গান করলাম। কিছু গান করে তৃপ্তি থাকে অনেকটা সময়, এটা তেমনই একটি গান। জানি না কেমন গেয়েছি, কিন্তু আমার নিজের তো শুনতে ভালো লাগছে। যেন সুরের মধ্যে একটা গল্প বলে গিয়েছি।’ জানা গেছে, বৃষ্টিমগ্ন এই সময়ে গানের কথামালায় উঠে এসেছে প্রেম, বিচ্ছেদ আর রৌদ্র-দগ্ধ শহর হয়ে ওঠার পূর্বের নগর। উঠে এসেছে শহরতলি ছাড়িয়ে দূর বহু দূরের কোনো বন্দরের একলা বারান্দায় দাঁড়িয়ে থাকা এক তরুণীর কল্পচিত্র। ভিডিওচিত্রটির মডেল হয়েছেন সোহেল রাজের সঙ্গে বর্ষা বৈরাগি, এথিনা রায়।