আসন্ন বাজেটে বিদেশি নিম্নস্তরের (৫ টাকা মূল্যের) সিগারেটের দাম বাড়ানোর দাবি জানিয়েছে দেশীয় সিগারেট মালিক সমিতি। তারা বলছে, দেশীয় ক্ষুদ্র ও মাঝারি তামাক ব্যবসায়ীদের টিকিয়ে রাখার স্বার্থে আমদানিকৃত নিম্নস্তরের বিদেশি সিগারেটের দাম দেশি নিম্নস্তরের সিগারেটের থেকে কমপক্ষে এক টাকা বেশি রাখতে হবে।
এছাড়া সরকারের রাজস্ব বাড়াতে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট অনুযায়ী বর্তমান বাজারে নিম্নস্তরে বিক্রিত আন্তর্জাতিক সিগারেটের স্তর উন্নীত করে নিম্নস্তরে শুধু দেশীয় কোম্পানিগুলোকে রাখা উচিত। রবিবার (২০ জুন) এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এসব দাবি তুলে ধরেন সমিতির সদস্য নাজমুন নাহার লাকি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বহুজাতিক বিদেশি কোম্পানিগুলো দেশের বাজারে ধারাবাহিকভাবে তাদের সিগারেটের লঞ্চ করে এবং আগ্রাসী বিপণন কর্মকাণ্ড চালিয়ে দেশীয় কোম্পানির বাজার দখল করে নিচ্ছে। এতে করে একদিকে যেমন দেশের টাকা বাইরে চলে যাচ্ছে অন্যদিকে দেশীয় সিগারেট কোম্পানিগুলো অস্তিত্ব সংকটে ভুগছে। পাশাপাশি সরকারও রাজস্ব হারাচ্ছে বহুগুণে, বেকার হচ্ছে এ পেশার সঙ্গে যুক্ত থাকা মানুষরা।
তিনি আরও বলেন, এই শিল্পে দেশীয় মালিকদের বিনিয়োগের পরিমাণ ১৫ হাজার কোটি টাকা। পাশাপাশি এর সঙ্গে যুক্ত প্রায় দুই লাখ শ্রমিক। বিদেশি কোম্পানিগুলো তাদের অর্জিত মুনাফা বিদেশে নিয়ে যায় অন্যদিকে দেশীয় কোম্পানি তার লাভ দেশেই অন্যান্য কর্মসংস্থানমুখী শিল্প কারখানায় বিনিয়োগ করে। তাই আমরা চাই বাজেটে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। পাশাপাশি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বাঁচানো হোক।

এ সময় হক টোব্যাকোর স্বত্বাধিকারী সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে দেশীয় সিগারেট শিল্প কোণঠাসা। আমাদের দেশের ২৫টি কোম্পানির মধ্যে মাত্র ৮টি কোম্পানি টিকে আছে। তাদের অবস্থা বেশ করুণ ও নাজুক। অপরদিকে বহুজাতিক কোম্পানিগুলো রমরমা ব্যবসা করছে। নিম্নস্তরের সিগারেটের বাজারে এই কোম্পানিগুলোর হিস্যা ৮৯ শতাংশ আর দেশীয় কোম্পানিগুলোর হিস্যা মাত্র ১১ শতাংশ।'
তিনি আরও বলেন, সরকার যদি আমাদের দাবিগুলো মেনে নেয় তাহলে আমরা আশা করছি ২০২১-২২ অর্থবছরে আমরা সরকারকে প্রায় ৮০ হাজার কোটি টাকা রাজস্ব দিতে পারবো। যা হবে চলতি অর্থবছরের তুলনায় ৩৮ শতাংশ বেশি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এএলএম টোব্যাকোর এর পক্ষে আজিজুল রহমান, ভরসা গ্রুপের পক্ষ থেকে কামরুজ্জামান ভরসা প্রমুখ।
ইত্তেফাক/এসএ/ইউবি
