বিশ্বাস হারায়নি জার্মানরা

আপডেট : ২০ জুন ২০২১, ২১:৩৫

স্পোর্টস ডেস্ক

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে ইউরো মিশন শুরু করেছিল জার্মানি। ‘এফ’ গ্রুপে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের বিরুদ্ধে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। মিউনিখে গত শনিবার রাতে আক্রমণাত্মক ফুটবলে পর্তুগালকে ৪-২ গোলে হারিয়েছে জার্মানি। নিজেদের সামর্থ্যের প্রতি আত্মবিশ্বাসই জোয়াকিম লোর শিষ্যদের এনে দিয়েছে দারুণ জয়।

পর্তুগালকে হারানোর পর জার্মান ফুটবলারদের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন জার্মান কোচ লো। ম্যাচের পর তিনি বলেছেন, ‘বিশ্বচ্যাম্পিয়নদের কাছে হারার পরও আমরা নিজেদের ওপর বিশ্বাস হারাইনি। জানতাম, আমরা আরো ভালো করতে পারি।’

আক্রমণাত্মক ফুটবলেই পর্তুগালকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল জার্মানির। লো বলেছেন, ‘কাজটা ছিল নিজেদের ভিন্নভাবে উপস্থাপন করা, বিশেষ করে আক্রমণে। শুরু থেকেই পর্তুগালের খেলোয়াড়দের আমরা দেখিয়ে দিতে চেয়েছিলাম যে আমরা জিততে চাই, হারতে নয়।’

দুই বছর আগে সিরিআ লিগে রোনালদোর কাছে জার্সি চেয়ে হতাশ হয়েছিলেন রবিন গোসেন্স। এবার সেই রোনালদোর দলকে উড়িয়ে দিতে বড় ভূমিকা এ তরুণ জার্মান ডিফেন্ডার। হাভার্টজকে দিয়ে গোল করিয়েছেন এবং পরে নিজে দলের পক্ষে চতুর্থ গোলটি করেছেন। উয়েফা নেশন্স কাপে ২০১৮ সালে স্পেনের বিপক্ষে অভিষেক হওয়া গোসেন্সের পারফরম্যান্সের প্রশংসা করেছে লো। জার্মান কোচ বলেছেন, ‘বছর দুয়েক আগে আমরা তাকে দলে নেই। সে খুব দ্রুত মানিয়ে নিয়েছে এবং দলীয় সংহতিতে ভূমিকা রাখছে। একজন ব্যক্তি ও ফুটবলার হিসেবে সে উঁচুমানের। কারণ খুবই খোলা মনের, সবার সঙ্গে যোগাযোগ রাখে। সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক দারুণ।’ লোর মতে, গোসেন্সের সেরাটা এখনো বাকি রয়েছে। তিনি বলেছেন, ‘আমি জানি না, এটা তার জীবনের সেরা ম্যাচ কি না, সম্ভবত সেটা তার এখনো খেলা বাকি আছে। এটা তার অসাধারণ পারফরম্যান্স ছিল। কঠোর পরিশ্রম করার পাশাপাশি আক্রমণে সে নিয়মিত হুমকির কারণ ছিল।’ আগামী ২৩ জুন গ্রুপে নিজেদের শেষ ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে খেলবে জার্মানি। দুই ম্যাচে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট।