ব্রাজিলে বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১৫

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৬

নিখোঁজ দুই শতাধিক

রয়টার্স

ব্রাজিলের দক্ষিণ-পূর্ব রাজ্য মিনাস জেরাইসে বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিখোঁজ আরো ২৪৮ জনের খোঁজে উদ্ধারকর্মীরা এখনও তত্পরতা চালিয়ে যাচ্ছেন।

গত সপ্তাহে ব্রুমাজিনো শহরে ভালি এস কোম্পানির কোরেগো দো ফেইজাও আকরিক লোহার খনি সংশ্লিষ্ট বাঁধটি ভেঙে খনি বর্জ্যের বিশাল এক প্রবাহ খনির স্থাপনাগুলোতে আছড়ে পড়ে; কাদায় চাপা পড়ে নিকটবর্তী বসতির বিভিন্ন ভবন ও যানবাহন। কী কারণে বাঁধটি ধসে পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সময় যত গড়াচ্ছে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা তত ক্ষীণ হচ্ছে বলে ভাষ্য কর্মকর্তাদের। উদ্ধার মৃতদেহের মধ্যে ৭১ জনের পরিচয় পাওয়া গেছে। বাঁধ ধসের ঘটনার সময় খনিসংলগ্ন ক্যাফেটেরিয়ায় অসংখ্য শ্রমিক দুপুরের খাবার খাচ্ছিলেন। বাঁধ ভেঙে ওই ক্যাফেটেরিয়ার সম্পূর্ণ অংশই কাদায় চাপা পড়ে। তিন বছর আগে মিনাস জেরাইসে একই কোম্পানির আরেকটি বাঁধ ধসের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছিল।