ভবিষ্যতেও সেনাবাহিনীর আধুনিকায়নের ধারাবাহিকতা বজায় থাকবে :প্রধানমন্ত্রী

আপডেট : ২০ জুন ২০২১, ২১:৩৭

সেনাবাহিনীকে মিসাইল সিস্টেম প্রদান

বাংলাদেশ সেনাবাহিনীতে টাইগার মাল্টিপল লঞ্চ রকেট/মিসাইল সিস্টেম (এমএলআরএস) এর অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠান গতকাল রবিবার সাভার সেনানিবাসস্থ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে (সিএমপিসিঅ্যান্ডএস) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও টেলিকনফারেন্স (ভিটিসি)-এর মাধ্যমে  উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে সেনাবাহিনীর একটি আর্টিলারি ইউনিটকে অন্তর্ভুক্তি সনদ প্রদান করেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর জাতির পিতার হাত ধরেই বাংলাদেশ সেনাবাহিনীর পুনর্গঠন শুরু হয়। তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই সেনাবাহিনীর আধুনিকায়ন এবং সম্প্রসারণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। বঙ্গবন্ধু প্রণীত ‘প্রতিরক্ষা নীতি -১৯৭৪’-এর ভিত্তিতে বর্তমান সরকার নতুন করে ‘প্রতিরক্ষা নীতি ২০১৮’ এবং ‘ফোর্সেস গোল-২০৩০’ প্রণয়ন করে যার বাস্তবায়ন অনেক দূর এগিয়ে গেছে। তিনি বলেন, আধুনিক ও উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সরকার বিভিন্ন মেয়াদে সেনাবাহিনীতে  অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, সেনা বিমান ও হেলিকপ্টারসহ মডার্ন ইনফ্যান্ট্রি গেজেট, বিভিন্ন আধুনিক ইঞ্জিনিয়ারিং সরঞ্জামাদি ইত্যাদি সংযোজন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, অত্যাধুনিক টাইগার এমএলআরএস অন্তর্ভুক্তির ফলে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতায় নতুন মাত্রা যোগ হলো। ভবিষ্যতেও সেনাবাহিনীর এই আধুনিকায়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রধানমন্ত্রী দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। —আইএসপিআর