কন্যাশিশুর স্বাস্থ্য সুরক্ষায় বাল্যবিবাহ প্রতিবন্ধকতা --------স্পিকার

আপডেট : ২০ জুন ২০২১, ২১:৩৯

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, একজন কন্যাশিশুর স্বাস্থ্যের যথাযথ সুরক্ষা ও পরিচর্যার জন্য বাল্যবিবাহ একটি প্রতিবন্ধকতা। সারা দেশের জেলা-উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য ও কন্যাশিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও পরামর্শমূলক সভার আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ান্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি)। এসব সভার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা বেড়েছে। এসপিসিপিডি প্রকল্পের আওতায় গতকাল রবিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আয়োজিত ‘কোভিডকালীন কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ’ বিষয়ক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

স্পিকার বলেন, বিএপিপিডি একটি প্লাটফরম তৈরি করতে পারে যেখানে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ সংযুক্ত থেকে মতবিনিময় করতে পারেন। কন্যাশিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। কেননা তাদের তৃণমূল পর্যায়ে অভিজ্ঞতা বিদ্যমান। ইউনিয়ন পর্যায়ে কিশোরী ও অভিভাবকদের সঙ্গে পরামর্শ করা গেলে বাল্যবিবাহ অনেকখানি প্রতিরোধ সম্ভব। দেশে বাল্যবিবাহ প্রতিরোধে আইন রয়েছে। পরামর্শ সভার মাধ্যমে অভিভাবকদের বাল্যবিবাহের বিজ্ঞানসম্মত ও যুক্তিসঙ্গত কুফল সম্পর্কে সচেতন করা গেলে এই আইনের যথাযথ প্রয়োগ সম্ভব হবে। মাতৃমৃত্যু হ্রাসে বাল্যবিবাহ প্রতিরোধ প্রয়োজন।

স্থানীয় সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে ও প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে হুইপ মাহবুব আরা বেগম গিনি, আরমা দত্ত এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, শহীদুজ্জামান সরকার এমপি, মেহের আফরোজ এমপি, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, আবিদা আঞ্জুম মিতা এমপি প্রমুখ বক্তব্য রাখেন। ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. আশা টর্কেলসন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।