ভাঙ্গুড়ায় রেললাইনে ক্রেন উত্তর ও দক্ষিণে পাঁচ ঘণ্টা যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২০ জুন ২০২১, ২১:৪০

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কংক্রিট স্লিপার উত্তোলনকারী ক্রেন উলটে ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ বঙ্গের রেল চলাচল পাঁচ ঘণ্টা বিচ্ছিন্ন ছিল। গতকাল রবিবার ভাঙ্গুড়া বাজার রেল স্টেশনে ক্রেনটি উলটে যায়। এদিকে দুর্ঘটনাকবলিত ক্রেন উদ্ধারের জন্য সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী থেকে আরেকটি ক্রেন রওয়ানা দিলে সেখানেই উলটে যায়। পাঁচ ঘণ্টা উদ্ধারকাজ শেষে সন্ধ্যা ৭টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেল যোগাযোগ বন্ধ হওয়ায় উত্তর অঞ্চল থেকে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ও খুলনা থেকে ঢাকামুখী চিত্রা এক্সপ্রেস চাটমোহর ও মুলাডুলি স্টেশনে আটকে আছে। অপর দিকে ঢাকা থেকে রাজশাহীগামী মেইল ট্রেন উল্লাপাড়ায় থেমে ছিল। এতে যাত্রীরা  চরম  ভোগান্তির শিকার হয়েছেন।

ভাঙ্গুড়া স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম তালুকদার বলেন, দুপুরের পরই ক্রেনটি বিকল হয়। উদ্ধারকাজ চলার কারণে এরপর থেকে ঢাকার সঙ্গে দুই অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শেষে সন্ধ্যা ৭টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন রেলের ঐ কর্মকর্তা।