রাজশাহীতে আকস্মিক ধসে পড়ল চারতলা ভবন

আপডেট : ২০ জুন ২০২১, ২২:২০

রাজশাহী মহানগরীতে আকস্মিক ভেঙে পড়েছে একটি চারতলা ভবন। রবিবার বিকাল ৩টার দিকে মহানগরীর কয়েরদাঁড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভবনটিতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে মাটিতে ধসে পড়া ভবনের চাপে কয়েকটি প্রাইভেট কার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, ভবনটির দৈর্ঘ্য প্রায় ৮০ ফুট। প্রস্থেও ছিল ৪০ ফুট। চারতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছিল। ওপরে আরেক তলা তোলার জন্য বিম ওঠানো হয়েছিল। অত্যন্ত নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছিল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভবনটির মালিক ছিলেন আক্তারুজ্জামান বাবলু। প্রায় এক বছর আগে তিনি মারা যান। এখন ভবনের মালিকানায় আছেন তার ছোট ভাই নুরুজ্জামান পিটার। তবে আক্তারুজ্জামান বাবলুর মৃত্যুর পর ভবনটিতে আর কাজ হয়নি।

এদিকে ধসে পড়া ভবন মালিকের ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন দাবি করেন, ভবনটিতে ভালোমানের সামগ্রীই ব্যবহার করা হয়েছিল। তিনি বলেন, ‘ভবন আগেই নির্মাণ করা হয়েছিল; কিন্তু কেউ থাকত না।’ তবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) থেকে ঐ ভবনটির নির্মাণের জন্য ডিজাইন ও নকশার অনুমোদন নেওয়া হয়েছিল কি না—তা তিনি জানেন না।