বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাস্থ্য খাতে ভয়াবহ দুর্নীতি চলছে। এখন পর্যন্ত টিকার কোনো নিশ্চয়তা নেই। যারা স্বাস্থ্য খাতের সঙ্গে জড়িত, টিকার সঙ্গে জড়িত, এরা সবাই দুর্নীতিতে জড়িত হয়ে গেছে। প্রতিটি মেগা প্রকল্পে এখন গণলুট চলছে। ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে ৫০ হাজার কোটি টাকার প্রজেক্ট। এভাবে মেগা প্রজেক্টকে তারা টাকা বানানোর প্রজেক্ট হিসেবে তৈরি করে নিয়েছে। অনুন্নয়ন খাতে অর্থ বরাদ্দের সমালোচনা করে তিনি বলেন, দেখবেন যে স্কুলে-মাদ্রাসায় টাকা দিয়েছে বড় বড় গেট তৈরি করতে। এই মুহূর্তে তো গেট তৈরি করার চেয়ে ক্লাসরুম তৈরি করা বেশি দরকার।
গতকাল রবিবার জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জিয়া পরিষদের আয়োজনে ‘সমাজ উন্নয়নে মৃত্যুঞ্জয়ী জিয়া’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাক্তার মো. আব্দুল কুদ্দুস। বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল হাই শিকদার প্রমুখ।
ফখরুল বলেন, খবরের কাগজ খুললেই দেখবেন ভয়াবহ সব হত্যার ঘটনা। আজকের পত্রিকায় যে ঘটনাটি এসেছে, মেয়ে বাবা-মা-বোনকে হত্যা করছে। এগুলো হচ্ছে একটা আর্থসামাজিক অবস্থার প্রতিচ্ছবি। এটার কারণ হচ্ছে দেশে গণতন্ত্র নেই। যেহেতু দেশে গণতন্ত্র নেই, যেহেতু দেশে সেই সমাজব্যবস্থাটা নেই, যেহেতু দেশে জবাবদিহিটা নেই। মির্জা ফখরুল বলেন, কৃষক এখন বাজার পাচ্ছে না। সরকার কি পারে না সেনাবাহিনীর ট্রাকগুলো ব্যবহার করে কৃষকের পণ্য ঢাকাতে এনে তাদের ন্যায্য মূল্য দিতে!
