নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারী-শিশুসহ একই পরিবারের পাঁচ জন নিহত হয়েছেন। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো ছয় জনের মৃত্যু হয়েছে। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুর্যে, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
নরসিংদী : ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নারী-শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। গত শনিবার মধ্য রাতে মাধবদী থানার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাটপাড়া সাকুরার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুক্তি আক্তার (৩০) ও তার ছেলে সাদিকুল (৮) এবং রুবি আক্তার (৪০) ও তার মেয়ে রাহিমা (৩) এবং রোকেয়া আক্তার (৫২)। আহতদের প্রাথমিক চিকিত্সা শেষে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। সিলেটে মাজার জিয়ারত শেষে পরিবারের ১২ জন মাইক্রোবাসে সাভার ফিরছিল। এদিকে সাভার প্রতিনিধি জানান, গতকাল নিহতদের নিজ বাড়ি সাভারের ইয়ারপুর আনা হলে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। পরিবারের আরো পাঁচ সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘিওর (মানিকগঞ্জ) : ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী ঈগল পরিবহনের একটি বাসচাপায় মাজেদা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মানিকগঞ্জের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাজেদা শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের রামনগর এলাকার ফরিদ মিয়ার স্ত্রী।
জীবননগর (চুয়াডাঙ্গা) : করিমন-আলমসাধুর সংঘর্ষে কমিন চালক আব্দুল মান্নানের (৬৫) মৃত্যু হয়েছে। গতকাল জীবননগর-দত্তনগর সড়কের এ এম জে অটো রাইচমিলের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে। মান্নান জীবননগর উপজেলার খোদা বক্সের ছেলে।
তেঁতুলিয়া (পঞ্চগড়) : তেঁতুলিয়ায় ট্রলি-থ্রি হুইলার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন দেবনগর ইউপির বানিয়াপাড়া এলাকার মকবুল হোসেনের পুত্র শাহিন হোসেন (৩১) ও একই ইউনিয়নের ঝালিঙ্গীগছ এলাকার আব্বাস আলীর পুত্র জাকির হোসেন। শনিবার উপজেলার সদর ইউনিয়নের রনচণ্ডীর তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম : নগরীর উত্তর কাট্টলী টোল রোড এলাকায় মো. আরিফ (২০) নামে এক লরিচালক নিহত হয়েছে। গতকাল ট্রাক ও কন্টেইনারবাহী লরির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। আরিফ রাঙ্গুনিয়া উপজেলার জঙ্গল বগাবিল এলাকার নুরুল আবছারের পুত্র।
চৌগাছা (যশোর) : ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে স্ত্রী সাম্মীয়ারার মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার চৌগাছা-ঝিকরগাছা সড়কের গরিবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাম্মীয়ারা উপজেলার পাশাপোল ইউনিয়নের উজিরপুর গ্রামের বাসিন্দা শরিফুলের স্ত্রী। তারা দুই জন মোটরসাইকেলে চৌগাছা বাজারে যাচ্ছিলেন।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : কবিরহাট-বসুরহাট সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক মো. ফারুক হোসেন (৩০) নিহত হয়েছেন। শনিবার লোহারপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফারুক সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরলক্ষ্মী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
