পশ্চিমবঙ্গের গভর্নরকে অপসারণের দাবি এবার কংগ্রেস ও সিপিএমের

আপডেট : ২০ জুন ২০২১, ২২:৩০

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরপরই রাজ্যের গভর্নর জগদীপ ধনখড়কে অপসারণ করার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এবার তাকে অপসারণের দাবি তুলেছে কংগ্রেস ও বামপন্থি দল সিপিএম। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে এ তথ্য জানানো হয়েছে।

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী শনিবার বলেন, পশ্চিমবঙ্গ সরকারের উচিত গভর্নর ধনখড়ের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি লেখা। গত সপ্তাহে সিপিএম নেতা বিমান বসু গভর্নরের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তিনি (গভর্নর) যে বিজেপির লোক, সেই পরিচয় দিচ্ছেন। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করছে—যেটা ঠিক নয়।                এদিকে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, আলোচিত দিল্লি সফর শেষে শনিবার পশ্চিমবঙ্গে ফেরেন গভর্নর জগদীপ ধনখড়। তবে আজ সোমবারই তিনি উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন। রবিবার নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন। তিনি লেখেন, আগামীকাল (সোমবার) থেকে এক সপ্তাহের জন্য উত্তরবঙ্গ সফরে যাব। দিল্লি থেকে ফেরার পর রাজ্যপালের সাত দিন উত্তরবঙ্গ সফরের পিছনে বিশেষ ‘তাত্পর্য’ রয়েছে বলে মনে করছেন অনেকে। কারণ এর আগে ‘ভোট পরবর্তী সহিংসতা’র বিষয়টি সামনে রেখে উত্তরবঙ্গের একাধিক জায়গা ঘুরে দেখেছিলেন তিনি। সেই রিপোর্ট কেন্দ্রীয় সরকারকে পাঠিয়েছিলেন। এবার দিল্লি থেকে ফিরে সেই উত্তরবঙ্গে সফরে যাওয়ারও গুরুত্ব রয়েছে। 

গত মঙ্গলবার দিল্লি গিয়েছিলেন ধনখড়। সেখানে চার দিন অবস্থানকালে একাধিক নেতা-মন্ত্রীর সঙ্গে দেখা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেই দুইবার সাক্ষাত্ হয় তার। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতা ও আইন-শৃঙ্খলা নিয়ে গভর্নর অমিত শাহের কাছে রিপোর্ট জমা দিয়েছেন বলেও জানা গেছে। এরপরেই তার উত্তরবঙ্গ সফর ঘিরে জল্পনা শুরু হয়েছে।