২০৪ ইউপি ও লক্ষ্মীপুর-২ আসনে ভোট আজ

আপডেট : ২০ জুন ২০২১, ২২:৩৩

প্রথম ধাপের ২০৪ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ আজ সোমবার। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। তবে ভোটের আগেই ২৮টি ইউপিতে চেয়ারম্যান পদে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। এছাড়া এদিন লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন এবং ষষ্ঠ ধাপের দুই পৌরসভায় ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচন নির্বিঘ্ন করতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে নির্বাচনি এলাকায়। ভোট সামনে রেখে সব ধরনের অনিয়মবিশৃঙ্খলা রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিসি-এসপি-রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩টি জেলার ৪১টি উপজেলার ২০৪টি ইউপিতে ভোট হবে। ২০টি ইউনিয়নের ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকিগুলো হবে ব্যালটে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৮৫৯ জন, সংরক্ষতি সদস্য পদে ২ হাজার ১৫৪ জন এবং সাধারণ সদস্য পদে ৬ হাজার ৯৬০ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৮৩৬টি, ভোটকক্ষের সংখ্যা ১০ হাজার ২৬০টি। প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ১২ হাজার ২০৭ জন এবং পোলিং অফিসার হিসেবে কেন্দ্রে থাকবেন ১০ হাজার ২৬০ জন।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনি এলাকায় টহল শুরু করেছেন। তারা থাকবেন ভোটের পরের দিন পর্যন্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। নির্বাচনে ৩৯৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৪১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকছেন। প্রথম ধাপের ভোট গ্রহণের জন্য গতকাল বিশেষ নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ নির্বাচনি মালামাল পাঠানো হয়েছে।

যে ১৩ জেলার ৪১ উপজেলার ইউপি নির্বাচন : পটুয়াখালী জেলার দুমকি, বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার মোট ১৯টি ইউনিয়ন। রংপুর জেলার পীরগাছা উপজেলার কল্যাণি ইউনিয়ন, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন, বরিশাল জেলার বরিশাল সদর, বাকেরগঞ্জ, উজিরপুর, মুলাদী, মেহেন্দীগঞ্জ, বাবুগঞ্জ, গৌরনদী, হিজলা, বানারীপাড়া এই ৯টি উপজেলার ৫০টি ইউপি, বরগুনা জেলার বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা এই পাঁচ উপজেলার ২৯টি ইউপি, পিরোজপুর জেলার পিরোজপুর সদর, ইন্দুরকানী, ভাণ্ডারিয়া, নেছারাবাদ, কাউখালী, নাজিরপুর এই ছয়টি উপজেলার ৩২টি ইউপি, ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর উপজেলা, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া এই চার উপজেলার ৩১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও ভোলা জেলার বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, মনপুরা, চরফ্যাশন এই চার উপজেলার ১৩টি ইউপি, নরসিংদী জেলার পলাশ উপজেলার দুটি, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার ১৩টি, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দুটি এবং লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার তিনটি ও কমলনগর উপজেলার তিনটি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।