বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানিই হবে আগামী দিনের মূল জ্বালানি। বিদ্যুতের মহাপরিকল্পনা অনুযায়ী জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ ক্রমশ বাড়ছে। ২০৪১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৪০ শতাংশ বিদ্যুত্ আসবে।
গতকাল রবিবার চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে ১৬ মেগাওয়াট রুপটপ সোলার পাওয়ারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নেট মিটারিং সিস্টেম চালু হওয়ার পর রুপটপ সোলার জনপ্রিয় হয়ে উঠেছে। পেশাদারিত্বের সঙ্গে স্থাপন করতে পারলে এটা একটা ভালো বিজনেস মডেল হতে পারে।
নসরুল হামিদ বলেন, সৌরবিদ্যুত্ প্রকল্প বাস্তবায়ন করতে অনেক জমির প্রয়োজন। জমি কম লাগে এমন প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা প্রয়োজন। বায়ুবিদ্যুত্, ওশান রিনিউবল এনার্জি, বর্জ্য থেকে বিদ্যুত্, সৌরবিদ্যুত্ আগামীর জ্বালানি মিশ্রণে ব্যাপক অবদান রাখবে। ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের জ্বালানি হবে পরিবেশবান্ধব জ্বালানি।
