সিপিডির ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, কালোটাকা সাদা করার পরেও প্রতিবছর প্রায়ই গড়ে ৫০ থেকে ৬০ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। ফলে এই সুযোগ আমাদের কর্মসংস্থান সৃষ্টিতে ও সামাজিক সুরক্ষায় কোনো অবদান রাখছে না। এই ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন নজরদারি প্রতিষ্ঠান ও আইনের মাধ্যমে অর্থ পাচার নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। গতকাল রবিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘করোনা প্রেক্ষাপটে এবারের বাজেট’ নিয়ে ছায়া সংসদে ড. মোস্তাফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, চলতি অর্থবছরে করোনাকালীন বাজেট বাস্তবায়ন নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। হয়তো এবারেও অন্যান্য বারের মতোই ছয়-সাত মাস অতিবাহিত হলে বাজেট রিভাইস (সংশোধিত) হবে এবং তা বাস্তবায়নের চেষ্টা করা হবে। বাজেট বাস্তবায়ন হতে হবে গুণগত ও মানসম্পন্ন। ব্যয় বাড়িয়ে প্রকল্পের মেয়াদ দীর্ঘায়িত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাজেটে বারবার কালোটাকা সাদা করার যে সুযোগ রাখা হচ্ছে তা দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি বড় বাধা।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এবারের বাজেট ব্যবসাবান্ধব হওয়ায় বিনিয়োগ বৃদ্ধি পেলে কর্মসংস্থান তৈরি হবে। জীবন ও জীবিকার এই বাজেটে স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, শিক্ষাসহ দেশীয় শিল্প খাতকে প্রাধান্য দিয়ে দুর্নীতি প্রতিরোধ করতে পারলে বাজেট বাস্তবায়নে লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে না। তবে রাজস্ব আয়ের ঘাটতি মোকাবিলায় কর কাঠামোকে শক্তিশালী করে এনবিআরের অবকাঠামো ও দক্ষ জনবল বৃদ্ধি না করতে পারলে বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়বে।
প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজকে পরাজিত করে সরকারি বাঙলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক সবুজ ইউনুস, ড. সাকিলা জেসমিন, কাবেরী মৈত্রেয় ও আবুল বশির খান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
