কাশ্মীর মডেলে পশ্চিমবঙ্গ ভাগ?

অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব, পরিস্থিতি সামাল দিতে যাচ্ছেন রাজ্যপাল!

আপডেট : ২১ জুন ২০২১, ০০:১৪

আইনশৃঙ্খলার প্রশ্ন তুলে জম্মুুকাশ্মীর রাজ্যকে দুভাগে ভাগ করা হয়েছিল। নির্বাচন- পরবর্তী সন্ত্রাসের কারণে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, এ অভিযোগ এনে পশ্চিমবঙ্গ ভেঙে উত্তরের আট জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত আলাদা রাজ্য উত্তরবঙ্গ গড়ার দাবি তুলেছেন বিজেপির এমপিদের একাংশ। তা নিয়ে অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। পরিস্থিতি সামাল দিতে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, এটা দলের সিদ্ধান্ত নয়। তারপরও এ নিয়ে গরম হয়ে উঠছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এই পরিস্থিতিতে আজ সোমবার এক সপ্তাহের জন্য দার্জিলিং যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি সামাল দিতেই রাজ্যপালের এই সফর। সফরে তিনি উত্তরবঙ্গের একাধিক জায়গা পরিদর্শন করবেন। মনে করা হচ্ছে, নির্বাচন-পরবর্তী সন্ত্রাস নিয়ে ফের একবার সুর চড়তে পারে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে।

কিছুদিন আগে বিজেপির পশ্চিমবঙ্গের এমপিরা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোকে নিয়ে আলাদা রাজ্য গড়ার বিষয়টি আলোচনা করেছিলেন। তা নিয়ে সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর গত শনিবার বিজেপির এমপি জন বার্লা প্রকাশ্যে পশ্চিমবঙ্গ ভাগের দাবি তুলেছেন। যা বিজেপি রাজ্য নেতৃত্বকে বিপাকে ফেলেছে। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি সুখেন্দু শেখর রায় সাংবাদিক বৈঠক করে বলেন, ‘এর আগেও বাংলা ভাগের চেষ্টা হয়েছে। উত্তর প্রদেশকে চার ভাগে ভাগ করার দাবি রয়েছে। বিজেপি সেটা করবে তো? অন্যান্য আরো রাজ্য ভাগের দাবি উঠেছে, সে বিষয় বিজেপি কী ভাবছে আগে বলুক।’

সোমবার দুপুরের বিমানে তিনি রাজ্যপাল জগদীপ ধনকড় সস্ত্রীক বাগডোগরা পৌঁছবেন। সেখান থেকে কার্শিয়াং ঘুরে দার্জিলিং যাবেন। রবিবার টুইট করে তিনি নিজেই এ খবর জানিয়েছেন। দুপুরে বাগডোগরায় পৌঁছে তার সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা। এক সপ্তাহ তিনি থাকবেন দার্জিলিংয়ের রাজভবনে। গত শনিবার রাতেই রাজ্যপাল কলকাতায় ফিরেছেন। এসেই উত্তরবঙ্গ সফর তাত্পর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে।