কুষ্টিয়ার ভেড়ামারায় জোড়া খুনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত চার আসামির জামিন মেলেনি। হাইকোর্টের দেওয়া জামিন বাতিলের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আসামিদের রিভিউ আবেদন খারিজ করে গতকাল রবিবার এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শেখ মো. মোরশেদ ইত্তেফাককে বলেন, আসামিদের জামিন বাতিলের আদেশ বহাল থাকছে। এখন এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির ডেথ রেফারেন্সের সঙ্গে ঐ আসামিদের আপিল শুনানি হাইকোর্টে অনুষ্ঠিত হবে। আপিলের রায়েই জানা যাবে নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল থাকবে কি না।
২০১৬ সালের ২৫ এপ্রিল কুষ্টিয়ার ভেড়ামারায় ৭ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দণ্ডিত আসামিরা স্কুল শিক্ষক মুজিবুর রহমানকে হত্যা করে। একই সঙ্গে তার ভাই মিজানুর রহমানকেও জখম করে। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার বিচার শেষে ২০১৯ সালের পহেলা ডিসেম্বর চার আসামিকে মৃত্যুদণ্ড এবং সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় নিম্ন আদালত। মৃত্যুদণ্ড নিশ্চিতকরণে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। এর মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নজরুল শেখ, আব্দুর রহিম ওরফে লালিম শেখ, জিয়ারুল ইসলাম ও আশরাফ মালিথাকে গত ২৪ সেপ্টেম্বর জামিন দেয় হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত ঐ জামিন বাতিল করে দেয়। এরপর আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশন করেন চার আসামি। তাদের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ শুনানি করেন। শুনানি শেষে আবেদনগুলো খারিজ করে দেওয়া হয়।
