বাংলাদেশকে সিরামের করোনা টিকা দেওয়ার বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেছেন, আমরা করোনা ভ্যাকসিন উত্পাদন বাড়াচ্ছি। ভারতের করোনা পরিস্থিতি এখনো বিপজ্জনক পর্যায়ে। তাই বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে নির্দিষ্ট সময় বলতে পারছি না। গতকাল রবিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সিরাম ইনস্টিটিউটের টিকার সর্বশেষ অবস্থা জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, আমরা টিকা উত্পাদন বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি, যার জন্য আরো কয়েক সপ্তাহ সময় লাগবে। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে এখনো আলোচনা চলছে।
যুবলীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে যুবলীগ এক অদ্বিতীয় স্থান দখল করে আছে। যুবলীগের প্রতিষ্ঠাতা নিজেও একজন মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাযুদ্ধের নায়ক। তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ রক্ষা করে কাজ করে যাচ্ছে। তাদের অফিস পরিদর্শনের জন্য আগেই আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু করোনা মহামারির জন্য উপস্থিত হতে পারিনি।
এ সময় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবনেতা মামুনুর রশীদ, মজিবুর রহমান চৌধুরী (নিক্সন), খালেক শওকত আলী, সুব্রত পাল, শেখ ফজলে নাঈম, কাজী মাজহারুল ইসলাম ও সাইফুর রহমান সোহাগ উপস্থিত ছিলেন।
