আবারো ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা

আপডেট : ২১ জুন ২০২১, ১৬:২৯

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে মার্কিন সামরিকঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। জানা যায় আইন আল-আসাদ নামের সামরিক ঘাঁটিটিতে বরিবার (২০ জুন) এই হামলার ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যম আরব নিউজের বরাতে জানা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা বাহিনীর সদস্য জানিয়েছেন, আইন আল-আসাদ সামরিকঘাঁটিতে একটি কাতিউশা রকেট আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

Rocket attack near US base in Iraq amid US-Iraq dialogue - The Jerusalem  Post

কোনো গোষ্ঠী বা সংগঠন এই রকেট হামলার দায়িত্ব স্বীকার করেনি এবং রকেট হামলার কারণে ঘাঁটির বিশেষ কোনো ক্ষতি হয়েছে বলেও খবর পাওয়া যায়নি।

ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে দেশটির প্রতিরোধকামী সংগঠনগুলো গত কয়েক মাস ধরে যে হামলা চালিয়েছে, তার অংশ হিসেবে এই রকেট হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। 

এসব হামলার জন্যও কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায়িত্ব স্বীকার করেনি।

ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে ৩০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে বলে ওয়াশিংটন ১০ দিন আগে ঘোষণা দিয়েছে। এর পর নতুন করে আইন আল-আসাদ ঘাঁটিতে এই হামলা হলো।

ইত্তেফাক/এএইচপি