ইউরো শেষ দেম্বেলের

আপডেট : ২১ জুন ২০২১, ১৬:৪৯

হাঙ্গেরির বিপক্ষে ড্র হওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধ্বে বদলি নেমেছিলেন ফ্রান্সের ফরোয়ার্ড ওসুমানে দেম্বেলে। তবে ম্যাচের ৮৭ মিনিটে ইনজুরিতে পড়েন তিনি। ফলে তাৎক্ষণিকভাবে তার পরিবর্তে থমাস লেমারকে নামানো হয়। 

এবার পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেছে, সেই ম্যাচটিই ছিল দেম্বেলের এবারের ইউরোতে শেষ ম্যাচ। চলমান আসরে আর খেলা হবে না বার্সেলোনা ফরোয়ার্ডের। ফলে বাড়ি ফেরার ফ্লাইট ধরতে হচ্ছে তাকে। 

ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশাম জানিয়েছেন, হাঁটুতে চোট পেয়েছেন দেম্বেলে। ফলে বুদাপেস্টে গতকাল রোববারের দলীয় অনুশীলনে রাখা হয়নি তাকে। 

আজ সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে ফরাসী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল সন্ধ্যায় রেডিওলোজি পরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে জানিয়ে দিয়েছেন, এবারের ইউরোয় তার পক্ষে ফিট হওয়া সম্ভব নয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকেল টিম প্রধান ড. ফ্রাঙ্ক লি গল, কোচ দিদিয়ের দেশাম ও ক্লাব বার্সেলোনার সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হয়েছে, এবারের আসরে আর খেলবেন না দেম্বেলে। 

দেম্বেলেকে ছাড়াই ফরাসীদের আক্রমনভাগ বেশ শক্তিশালী। বিশেষ করে গ্রিজম্যান, এমবাপ্পে আর বেনজেমার নেতৃত্বাধীন অ্যাটাকিং লাইনআপকে ভয় পেতে বাধ্য বিশ্বের যেকোন দল। এছাড়া আছেন অলিভিয়ের জিরু। ফলে দেম্বেলের ছিটকে পড়ায় খুব একটা চিন্তিত নন কোচ দেশাম। 

চলমান আসরে জার্মানিকে হারিয়ে আসরে শুভসূচনা করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে পরের ম্যাচেই হাঙ্গেরির সঙ্গে ড্র করে তারা। আগামী ম্যাচে তারা লড়বে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের বিপক্ষে। 

ইত্তেফাক/এএএন