জন্মোত্সবে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হাসান আজিজুল হক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০২

দেশের খ্যাতনামা কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ৮০তম জন্মোত্সব পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ৮০তম জন্মোত্সব উদযাপন পরিষদ, রাজশাহীর পক্ষ থেকে তাকে বিপুল সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র, সংসদ সদস্যসহ শহরের গুণী ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন প্রিয় কথাসাহিত্যিককে জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানাতে।

অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, উপমহাদেশের জীবন্ত কিংবদন্তী সাহিত্যিক হাসান আজিজুল হক স্যার। রাজধানী থেকে দূরে রাজশাহী থেকে উঠে এসে দেশের সীমানা পার হয়ে দেশের বাইরেও তার কীর্তি পৌঁছে গেছে। জন্মবার্ষিকীর আজকের দিনে আমি দোয়া করি তিনি আরও অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকুন, তার প্রতিভা ছড়িয়ে দিন।

জন্মোত্সবে হাসান আজিজুল হককে আরও শুভেচ্ছা জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান, অধ্যাপক আব্দুল খালেক, অধ্যাপক মুহাম্মদ মিজান উদ্দিন, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, অধ্যাপক সনত্কুমার সাহা, সংসদ সদস্য আয়েন উদ্দিন প্রমুখ।

উত্সবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ ছিল হাসান আজিজুল হকের কন্যা সুলতানা শরমিন জাহান তোতনের রবীন্দ্র সংগীত পরিবেশন ও দৌহিত্র অনির্বাণ হাসান অনিন্দ্যের পিয়ানো বাদন। এ ছাড়া বরেণ্য এ কথাসাহিত্যিকের বর্ণাঢ্য জীবন ও কর্মকে উপজীব্য করে আহসান কবীর লিটন নির্মিত প্রামাণ্যচিত্র ‘গল্পলোকের চিত্রকর’ প্রদর্শিত হয়। এ ছাড়া মিলনায়তনের সামনে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হাসান আজিজুল হকের প্রায় সকল গ্রন্থ প্রদর্শনী ও বিক্রি করা হয়।