এই সময়ের ছড়া

বৃক্ষ-কথা

আপডেট : ২১ জুন ২০২১, ২০:৩৭

হুমায়ুন তালুকদার

 

মাটি থেকে জন্ম নিয়ে

মাটির বুকেই আমার বাস

ঠায় দাঁড়িয়ে কাটে জীবন

পার করি দিন-বছর-মাস।

 

চোত-বোশেখে রোদে পুড়ি

আঘাত হানে বজ্র-ঝড়

বর্ষা এলে বৃষ্টি ঝরে

মাথার ওপর নিরন্তর।

 

মাঘের শীতে জবুথবু

গুটিয়ে নিয়ে পাতা-ডাল

ভাবতে থাকি কখন যাবে

হিমজড়ানো শীতের কাল!

 

ফাগুন আসে হাওয়ায় ভাসে

সবুজ-অবুঝ পাতার দল

ডালগুলোতে দিই ভরিয়ে

অকাতরে ফুল ও ফল।

 

তবু আমায় নিধন করে

কুড়াল দিয়ে বসায় কোপ

স্বার্থে ভরা মানুষগুলোর

হচ্ছে দেখি বুদ্ধি লোপ!

 

উত্স কেটে অক্সিজেনের

মরবে ওরা নিজেও ঠিক

নয় ভালো নয় ওদের আচার

চালচলন আর ভাবগতিক!