সীতাকুন্ডে চাঁদা না দেওয়ায় শিপ ইয়ার্ড নির্মাণ কাজে বাধা দিয়ে সন্ত্রাসীরা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২ জনকে আহত করেছে।
শনিবার দুপুর ২টায় বিশিষ্ট শিল্পপতি রাজা কাশেম বিবিসি ষ্টিল নামে একটি শিপ ইয়ার্ড করার জন্য বেশ কিছুদিন ধরে কাজ শুরু করে। কিন্তু দীর্ঘদিন ধরে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী সরকার দলীয় নেতাদের নাম ভাঙিয়ে চাঁদা দাবি করে আসছিল। তাই অবকাঠামো নির্মাণে প্রতিদিনের ন্যায় শ্রমিকরা ঐদিন কাজ করার সময় সন্ত্রাসীরা বিপুল পরিমাণ ককটেল ফাঁটিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে সন্ত্রাসীদের হামলায় ইয়ার্ডের কর্মকর্তা মোস্তফা কামাল (৪৯) ও তৌহিদ মুরাদ কাজল (৪৮) আহত হয়। আহতদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ত্রাসীদের ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় এক ভীতিকর আতঙ্কের সৃষ্টি হয়। এঘটনায় জীবন (২৮), রিদোয়ান (৩০), রহমান(২৬) ও ফাহিমসহ কয়েক জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। উল্লেখ্য ১০নং সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুরস্থ সাগর উপকূলীয় এলাকায় ইয়ার্ড করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক থেকে অনেক দিন আগে লিজ নেয়।
এদিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ইয়ার্ড মালিক রাজা কাশেম বলেন, চাঁদা না পেয়ে যারা আমার ইয়ার্ড কর্মকর্তাদের উপর হামলা চালায় তাদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করি।
এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
