‘বিয়ে তো করতেই চাই’

আপডেট : ২১ জুন ২০২১, ২০:৪২

 ‘হয়তো হঠাত্ কোনো এক সুপুরুষ সে পাইলট হোক বা ক্যাপ্টেন , কিংবা কোনো আর্মির বিরাট অফিসার। আমি তাকে তাঁর সম্মানজনক অবস্থানকে স্যালুট জানাবো আমার ভালবাসায়। সেদিনের অপেক্ষায় আছি।’

তারিফ সৈয়দ

 

চলচ্চিত্রের ক্যারিয়ারে শাকিব খানের সাথে জুটি বেঁধে সবচেয়ে সফল নায়িকা হলেন অপু বিশ্বাস। নিজের ফিল্মোগ্রাফীতে এতগুলো সুপারহিট ছবি কারোর নেই। সেখানে বিয়ে, সংসার বিচ্ছেদের পর একেবারেই নতুনভাবে নিজের ছবির চরিত্রগুলো নিয়ে ভাবছেন তিনি। সর্বশেষ শাকিব খানের সাথে ‘রাজনীতি’ ছবিটিও দর্শক কৌতুহল জুগিয়েছে। তবে ক্যারিয়ারে বিয়ে, অবসর বা খানিক বিরতি গেলে অন্য নায়িকাদের ক্ষেত্রে যেটি দেখা যায়, যে আর সেই চাহিদায় ফিরতে পারেন না। একটা সময় পর্দার আড়ালেই অনেকটা চলে যান। গণমাধ্যমও ভুলতে বসেন যথানিয়মে। সেদিক দিয়ে ভীষণ ব্যতিক্রম অপু বিশ্বাস। নিজেকে এই সময়ের সাথে সাথেই বিভিন্নভাবে ব্যস্ত রেখেছেন।

 অপু বিশ্বাস বলেন,‘এই অভিনয়ের জন্যই তো আমি অপু বিশ্বাস। এখন এটাকেই যদি অস্বীকার করে ভুলে যাই, তাহলে নিজের সাথেই নিজে প্রতারনা করা হবে।’

উল্লেখ্য সম্প্রতি চিত্রনায়ক নিরবের সাথে ‘ছায়াবৃক্ষ’ ছবিটির কাজ শেষ করলেন অপু বিশ্বাস। এই করোনাসংকটের ভেতরেও ছবিটির কাজ শেষ হলো সম্প্রতি। এছাড়া কলকাতার একটি ছবিতে প্রখ্যাত কণ্ঠশিল্পী নচিকেতার চিত্রনাট্যে ‘শর্টকাট’ ছবিটি নিয়েও খানিক জটিলতা ছিল। সেটিও কাটিয়ে অপু বিশ্বাস ছবিটির কাজ শেষ করেছেন। অপু বিশ্বাস বলেন,‘সামাজিক ছবিরই নায়িকা আমি। এখন সামাজিক গল্পেরও আঙ্গিক বদলেছে। তাই সেভাবেই পাবেন আমার দর্শকেরা।’

সিনিয়র নায়িকা অনেকেই নতুন ছবি প্রযোজনার কাজে হাত দিয়েছেন এর আগে। সেক্ষেত্রে অপু বিশ্বাসের কোনো পরিকল্পনা আছে কী না জানতে চাইলে বলেন, ‘ইচ্ছে আছে কিছু কাজ করার। সেটি সময়ই বলে দেবে।’ উল্লেখ্য, এবারে সরকারী অনুদানের চলচ্চিত্রের ক্ষেত্রেও অপু বিশ্বাস প্রযোজিত ছবির চিত্রনাট্য জমা পড়েছিল। অপু বলেন,‘কিছু স্মরনীয় কাজ করতে চাই। যা দেশের গল্প, মুক্তিযুদ্ধের গল্প। সেই ভাবনা থেকেই এই আবেদনটি করা। নিশ্চয়ই আমার কাজ নিষ্ঠাকে রাষ্ট্র সম্মান দেবেন বলে আমি মনে করি।’

এদিকে এখণকার তরুনদের নির্মানে কেন নেই বা ওটিটি প্লাটফর্মের ওয়েব সিরিজে তাকে পাওয়া যাবে কী না এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন,‘দেখুন আমি অপু বিশ্বাস এফডিসিতে বিশাল বিশাল সেটে একটা কয়েকটি ছবির কাজ করেছি। সেই সময়টা তো এখন আর নেই। দর্শক চোখে এখনও কিন্ত আমি সেই বড় পর্দার অপু বিশ্বাসই হয়ে আছি। আমি আমার ভক্তদের এই মোহকে ভাঙতে দিতে চাই না। আর যত যাই বলুন, একজন দর্শক কতক্ষণ মোবাইলে ছবি দেখতে পারে। সবার ঘরে তো আর হোম থিয়েটার নেই। তাই দর্শক চাহিদা বলেন আর যুগের বদল বলেন সিনেমাটা হলঘরেই মানায়। তবে এসময় অনেক মেধাবী নির্মাতারা কাজ করছেন। দারুন দারুণ সব কাজ হচ্ছে। সেদিক দিয়ে আমি ভীষণ আশাবাদি।’

ছায়াবৃক্ষ’ ছবিটির আগে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নাজিম জয় পরিচালিত সুন্দরী কমলা ছবিটি মুক্তি পেয়েছে। অপু বলেন,‘ভাল গল্প আর চরিত্রের গুরুত্ব বুঝেই নতুন ছবির কাজ করতে চাই। অভিনয়ের বাইরে তো অন্য কোনো কাজ শিখিনি। তাই একটা জীবন এই অভিনয়ের মাধ্যমেই ভক্তদের ভালবাসা দিতে চাই।’

শাকিব খানের সাথে বিচ্ছেদের পর নতুনভাবে সংসারে থিতু হবেন কি না এমন প্রশ্নে অপু বলেন,‘বিয়ে তো করতেই চাই। তবে এখনই না।’। পাত্র হিসেবে কেমন ছেলে পছন্দ এমন প্রশ্নে জবাব এড়িয়ে গেলেও অপু বলেন, ‘হয়তো হঠাত্ কোনো এক সুপুরুষ সে পাইলট হোক বা ক্যাপ্টেন , কিংবা কোনো আর্মির বিরাট অফিসার। আমি তাকে তাঁর সম্মানজনক অবস্থানকে স্যালুট জানাবো আমার ভালবাসায়। সেদিনের অপেক্ষায় আছি।’