কালিয়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলের কালিয়া-গোপালগঞ্জ সড়কের চিত্রা নদীর ওপর অবস্থিত সেতুটি জরাজীর্ণ। এতে জীবনের ঝুঁকি নিয়ে সেতু দিয়ে পারাপার হচ্ছেন কালিয়ার পূর্বাঞ্চলের কয়েকটি ইউনিয়নসহ লাখ লাখ মানুষ। স্থানীয়রা জানায়, গত বছরের ১৫ আগস্ট সেতুর একটি অংশ নদীতে ভেঙে পড়লে তারা নিজেদের উদ্যোগে ঐ স্থান মেরামত করেন। বর্তমানে সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে নড়াইলের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সুজায়েত হোসেন বলেছেন, ভেঙে পড়া সেতুটির পাশে একটি নতুন সেতুর নির্মাণকাজ প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত নতুন সেতুটির কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।
