ইত্তেফাক ডেস্ক
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে আরো দুই জন নিহত হন। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় চাচা-ভাতিজাসহ তিন জন নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার লবনকোঠা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— শাহ আলম গাজী (৫৭), রাব্বি আহাম্মেদ (২৪) ও ছেলে রবিউল মাঝি (২৫)। ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ মশিউর রহমান জানান, উল্লেখিত স্থানে ময়মনসিংহগামী একটি ট্রাকের চাকা পাঞ্চার হয়ে গেলে চালক ও হেলপার চাকা মেরামত করছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, রবিবার রাত ৮টার দিকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জাবেদ হোসেন (২৮) ও নাজমুল হোসেন (১৫) নামে দুই জন নিহত হয়েছে। শিল্পজোনের শেখ হাসিনা স্মরণীর জিরো পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নে। জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
