উখিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ

আপডেট : ২১ জুন ২০২১, ২০:৫২

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

উখিয়া অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে। সিকদার বিল গ্রামের ইব্রাহিম, খয়রাতি পাড়া এলাকার বাসিন্দা ছৈয়দ আলম গণমাধ্যম সূত্রে জানতে পারেন, সরকার ১২ লিটার গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে ৮৪২ টাকা নির্ধারণ করেছে। কিন্তু হাটবাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা ভোক্তা পর্যায়ে গ্যাস সিলিন্ডার প্রতি ৯৫০ টাকা থেকে ৯৮০ টাকা পর্যন্ত আদায় করছেন।  খোঁজ নিয়ে জানা যায়, সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না সিলিন্ডার গ্যাস। স্থানীয় ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীরা আগের নিয়মে গ্যাস বিক্রি অপরিবর্তিত রেখেছেন। ফলে অসংখ্য ক্রেতাসাধারণকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এ নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে প্রায়ই বাগিবতণ্ডা হতে দেখা গেছে।

মালভিটা পাড়া গ্রামের বাসিন্দা হাজি আবদুল মন্নান জানান, গত সোমবার গণমাধ্যম সূত্রে জানতে পেরেছেন, গ্যাসের দাম কমানো হয়েছে। অথচ অনেক ব্যবসায়ী তা মানতে নারাজ। নাম প্রকাশ না করা শর্তে একাদিক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, তারা কক্সবাজার শহর থেকে আগের দরে গ্যাস সংগ্রহ করে বাজারজাত করে আসছিলেন। এ মুহূর্তে দাম কমিয়ে নিলে তাদের লোকসান গুনতে হবে। তবে পাইকারি ব্যবসায়ীরা জানান, তারা গ্যাস সিলিন্ডারের দাম কমানোর ব্যাপারে অবগত নন। তাই খুচরা ব্যবসায়ীদের গ্যাস সরবরাহ আপাতত বন্ধ রাখা হয়েছে। খুচরা ব্যবসায়ী নুর মোহাম্মদ জানান, সিলিন্ডারের দাম কমানোর বিষয় নিয়ে প্রশাসনের সঙ্গে আলাপ করা হয়েছে। এ নিয়ে প্রশাসনের কাছ থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

পাইকারি গ্যাস সিলিন্ডার বিক্রেতা ইসহাক ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ ইসহাক জানান, কিছু পরিমাণ গ্যাস মজুদ ছিল। তা স্থানীয় ক্রেতাসাধারণের কাছে বিক্রি করা হয়েছে। তবে দাম বাড়ানোর বিষয়টির চিঠি না পাওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘যত্রতত্র দাহ্যপদার্থ বিক্রি ও মজুদ আইনত দণ্ডনীয় অপরাধ। যারা আইনের তোয়াক্কা না করে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন ভ্রাম্যমাণ আদালত গঠনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’