মাগুরায় স্কুলশিক্ষককে হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২১ জুন ২০২১, ২০:৫২

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা

মাগুরার মহম্মদপুরের পলাশবাড়িয়া উত্তর-পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দিন ওরফে পাখি মোল্যা হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ শিক্ষক সমাজ। সোমবার সকালে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় তারা মানববন্ধন করেন। এ সময় আলাউদ্দিন ওরফে পাখি মোল্যা হত্যাকাণ্ডের বিচার দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম রেজাউল করিম চুন্নুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আর এস কে এইচ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম, কাজী সালিমা হক মহিলা কলেজের প্রভাষক এস এম ইউনুস আলী প্রমুখ বক্তব্য দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এদিকে, শিক্ষক আলাউদ্দিন ওরফে পাখি মোল্যা হত্যার ঘটনায় তার স্ত্রী শাহিদা বেগম বাদী হয়ে ছয় জনকে আসামি করে সোমবার সকালে মহম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, গত ১৯ জুন বিকালে পূর্ববিরোধের জেরে স্কুলশিক্ষক আলাউদ্দিন ওরফে পাখি মোল্যা (৫৫) কে মসজিদের ভেতরে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। নিহত স্কুলশিক্ষক ঐ গ্রামের মৃত আবদুল হক মোল্যার ছেলে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।