ফতুল্লার পাগলা এলাকায় মবিলের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঢাকা-নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের মোট ৯ টি ইউনিট টানা ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে পাগলা নন্দলালপুরে ঐ গুদামে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে ৭/৮জন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত কোম্পানির সুপার ভাইজার শাহজাহান মিয়া জানান, আরএম লেভেল নামক প্রতিষ্ঠান বিদেশ থেকে আমদানিকৃত মবিলসহ বিভিন্ন ক্যামিকেল ওই গুদামে মজুদ করে বাজারজাত করে। বেলা ১১টার দিকে গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গুদামের পশ্চিম পাশে একটি স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের আগুনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। গুদামে ক্যামিকেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুন মাহমুদ বলেন, সকাল ১১টায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। গুদামে কেমিক্যাল জাতীয় পদার্থ থাকায় আগুন নেভাতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। পানি দিয়ে আগুন নেভানো সম্ভব ছিলো না। তাই ফোম ব্যবহার করতে হয়েছে। ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তদন্ত কর্মকর্তারা আসছেন, ক্ষয়ক্ষতি সম্পর্কে তারাই বলতে পারবেন।
