রৌমারীতে যুবক খুন

আপডেট : ২১ জুন ২০২১, ২০:৫৩

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

রৌমারী উপজেলায় এরশাদ আলী (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে উপজেলার খেওয়ারচর এলাকায় তার গলায় চাকু দিয়ে আঘাত করে খুন করা হয়। এ সময় মাসুদ রানা নামের আরো এক যুবক আহত হন। এরশাদ আলী ঐ গ্রামের সুরুজ্জামান ওরফে ঘুতু মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রামদা ও ধারালো চাকু উদ্ধার করেছে। নিহত এরশাদের স্ত্রী লাভলি আক্তার বলেন, তার স্বামীর সঙ্গে এক নারীর পরকীয়া চলছিল। বিষয়টি নিয়ে দুইপক্ষের কথা কাটাকাটি ও সামান্য ধাক্কাধাক্কিও হয়। এরই মধ্যে তার স্বামী ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হলে রাস্তায় হামলা চালানো হয়। ধারালো চাকু দিয়ে তাকে হত্যা করা হয়।  নিহতের বাবা সুরুজ্জামান বলেন, আমার ছেলে কোনো ঝগড়া-বিবাদে জড়ায় না। সে ঢাকায় টাইলসের কাজ করত। তাকে খুন করা হয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোনতাছের বিল্লাহ বলেন, লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা হয়েছে। ঘাতকদের গ্রেফতারে অভিযান চলছে।