মা ও শিশুর সুরক্ষায় কর্মশালা
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা পাটগ্রাম উপজেলায় মা ও শিশুর সুরক্ষা, সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদ এবং প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্স হলরুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান।
কৃষক-কৃষানি প্রশিক্ষণ সম্পন্ন
সিংড়া (নাটোর) সংবাদদাতা অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক-কৃষানি প্রশিক্ষণ শেষ হয়েছে। সোমবার উপজেলা কৃষি অফিস হলরুমে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি ঘোষণা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা। এর আগে প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশিক্ষণ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. জান্নাতুল ফেরদৌস, মাহমুদুল হাসান প্রমুখ।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীরা পেল চেক
সুজানগর (পাবনা) সংবাদদাতা সুজানগরে সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এবং উপজেলা সমাজসেবা অফিসের ব্যবস্থাপনায় ক্যানসারসহ ছয়টি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর মধ্যে ২২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির উপজেলার বিভিন্ন গ্রামের ৪৪ জন রোগীর মধ্যে ঐ চেক বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী।
বিনা মূল্যে গাছের চারা বিতরণ
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষ্যে উলিপুরে কৃষক গ্রুপ সদস্যদের মধ্যে বিনা মূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এসব চারা বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।
নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা চাটখিলে উত্ত্যক্তকরণ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধকল্পে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সৈয়দ জহুর আহম্মেদের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজি শাহিন, মেডিকেল অফিসার ডা. তামজিদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রমুখ।
ইসিসিডি কমিটির ওরিয়েন্টেশন
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা বেলকুচিতে ইসিসিডি কমিটির সদস্যবৃন্দের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বাংলাদেশ শিশু একাডেমি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশুবিষয়ক কর্মকর্তা ও একাডেমিক প্রধান গোলাম মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান।
নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার
জয়পুরহাট প্রতিনিধি গতকাল সোমবার জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আসিফ আজিজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত ফারজানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর সহকারী পরিচালক মোশারফ হোসেন প্রমুখ।
মত্স্যচাষিদের মধ্যে উপকরণ বিতরণ
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা মনোহরগঞ্জে মত্স্যচাষিদের মধ্যে উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ইউনিয়ন পর্যায়ে মত্স্য চাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় এবং উপজেলা মত্স্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়। এ বিষয়ে উপজেলা মত্স্য কর্মকর্তা তৌহিদ হাসান জানান, উপজেলার ৯টি প্রদর্শনী খামারিকে দেশীয় প্রজাতির পাবদা, গুলশা, শিং, মাগুর, টেংরা ও কার্প-জাতীয় মাছের পোনা ও খাদ্য বিতরণ করা হয়।
আনসার-ভিডিপির বার্ষিক মতবিনিময়
নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক উপজেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আনসার-ভিডিপির কুমিল্লার রেঞ্জের পরিচালক ড. মো. শফিকুল ইসলাম।
