১৬ বছর খেলার পর ক’দিন আগে রিয়াল মাদ্রিদ ছেড়েছেন দীর্ঘদিন ক্লাবটির অধিনায়কের দায়িত্ব পালন করা সার্জিও রামোস। এখনো তার পরবর্তী ঠিকানা ঠিক হয়নি। তবে দলবদলের বাজারে গুঞ্জন, স্পেন ছেড়ে এবার ইতালিতে পাড়ি জমাতে পারেন তিনি।
ইউরোপিয়ান গণমাধ্যমের খবর, সাবেক রিয়াল কোচ হোসে মরিনহো তার নতুন ক্লাব এএস রোমায় চান এই অভিজ্ঞ ডিফেন্ডারকে।

এই দু’জন একসঙ্গে রিয়ালে কাজ করেছেন। যদিও ক্লাবের কোচ থাকাকালীন বিভিন্ন সময়ে রামোসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন মরিনহো, ক্লাব ছাড়ার পর তার প্রশংসায়ও পঞ্চমুখ ছিলেন।
রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আগামী জুলাই থেকে যে কোন ক্লাবে যোগ দিতে পারবেন তিনি। লা গেজেটা ডেল স্পোর্ট দাবি করছে, তার পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে রোমা। এরইমধ্যে মরিনহো নাকি রামোসের সঙ্গে যোগাযোগও করেছেন, এমনটাই দাবি করছে পত্রিকাটি।

তবে ক্লাবটিতে খেলতে চান কিনা রামোস সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। কারণ রোমা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারেনি। তাছাড়া রামোসের বেতন বহনের সামর্থ্য আছে কিনা ক্লাবটির সেটিও দেখার বিষয়।
ইত্তেফাক/এএএন
