ইত্তেফাক রিপোর্ট
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর পৃথক ২৩টি স্থানে কোরবানির পশু বিক্রির জন্য হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে ডিএনসিসি এলাকায় ১০টি এবং ডিএসসিসি এলাকায় ১৩টি হাট বসবে। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সভায় জানানো হয়, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৩টি অস্থায়ী গরুর হাট বসবে। পাশাপাশি ডিএনসিসির গাবতলীর স্থায়ী পশুর হাট ও ডিএসসিসির সারুলিয়া স্থায়ী পশুর হাটেও পশু বিক্রি হবে। এ বছর ঢাকা উত্তরের ৫৪ ওয়ার্ডে পশু কোরবানির জন্য ২৭০ স্থান নির্ধারণ করা হয়েছে। একইভাবে দক্ষিণের ৭৫ ওয়ার্ডে ৩৭৫ জায়গা নির্ধারণ করা হয়েছে।
