বাজার মূলধনে নতুন ইতিহাস

আপডেট : ২২ জুন ২০২১, ০০:২৪

শেয়ারবাজার

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক, লেনদেন ও মূলধনে একের পর এক রেকর্ড গড়ছে। এবার ডিএসইর বাজার মূলধনে নতুন রেকর্ড গড়েছে। ডিএসইর বাজার মূলধন এখন পর্যন্ত সর্বোচ্চ স্থানে উঠেছে। ডিএসই সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বাজার মূলধন ৫ লাখ ১৩ হাজার কোটি টাকা অতিক্রম করে রেকর্ড গড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই।

সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নানামুখী ইতিবাচক উদ্যোগ নেওয়ায় শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা দিনদিন বাড়ছে। ফলে দীর্ঘদিন শেয়ারবাজারের বাইরে থাকা বিনিয়োগকারীরা বাজারে আসছেন। বাজারে লেনদেন বাড়ছে, একই সঙ্গে বাজার মূলধনের পরিমাণ দিনদিন বেড়ে রেকর্ড সৃষ্টি হচ্ছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে গতকাল সোমবার বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার ৮৭ কোটি ২১ লাখ টাকা। এর মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করেছে ডিএসই। এর আগে কখনো বাজার মূলধন এতটা বাড়েনি। এর আগে চলতি বছরের শুরুতে বাজার মূলধন ৫ লাখ কোটি টাকা অতিক্রম করলেও পরে তা বেশি দূর এগোতে পারেনি। বেশ কিছুদিন ধরে বাজারে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় লেনদেন, সূচক ও বাজার মূলধন ধারাবাহিকভাবে বাড়ছে। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বাজার মূলধনে নতুন রেকর্ড গড়েছে ডিএসই। ঐ দিন বাজার মূলধন ছিল ৫ লাখ ৯ হাজার ৯২৮ কোটি ৫৯ লাখ টাকা।

এদিকে, গতকাল সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজার ১২৫ পয়েন্টে পৌঁছেছে। ডিএসইতে এই সূচক ৩ বছর ৪ মাস ৭ দিন বা ৭৭০ কার্যদিবস পর ৬ হাজার ১০০ পয়েন্ট অতিক্রম করল। এর আগে ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি সূচকটি ৬ হাজার ১০২ পয়েন্টে অবস্থান করছিল।