স্পোর্টস ডেস্ক
হাঁটুর চোটে ইউরো থেকে ছিটকে গেলেন উসমান দেম্বেলে। টুর্নামেন্টের বাকি অংশে এই ফরোয়ার্ডকে আর পাবে না ফ্রান্স। গতকাল ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) ২৪ বছর বয়সি এই ফুটবলারের চোটের বিষয়টি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে বলা হয়, গত রোববার রাতে বুদাপেস্ট হাসপাতালে এক্সরে করানো হয় দেম্বেলের। সেখানেই ধরা পড়ে হাঁটুর চোট। সেরে উঠতে তার সময় লাগবে। চিকিত্সকদের সঙ্গে আলোচনা করে বার্সেলোনার এই তারকা ফুটবলারকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। গত শনিবার হাঙ্গেরির বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন দেম্বেলে। মাঠে খুঁড়িয়ে চলতে দেখা যায় তাকে। এখন এক্সরে রিপোর্টে পাওয়া গেল দুঃসংবাদ। টুর্নামেন্টের ‘এফ’ গ্রুপে দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। আগামীকাল বুদাপেস্টে পর্তুগালের মুখোমুখি হবে ফ্রান্স।
