স্টাফ রিপোর্টার, বগুড়া
সিংড়া থেকে চুরি হওয়া ২২২ বস্তা ধান বগুড়ার ধুনট উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় উপজেলার এলাঙ্গী বাজার এলাকার সুমন ঘোষ নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে ধানভর্তি বস্তাগুলো উদ্ধার করে সিংড়া থানা পুলিশ। এর আগে ৬ জুন রাতে সিংড়ার চৌগ্রাম এলাকা থেকে ধানবোঝাই একটি ট্রাক ছিনতাই করে ধুনটে নিয়ে যায় ছিনতাইকারীরা। ধান উদ্ধারের সময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ রানীনগর এলাকার মোজাম্মেল হক ৬ জুন তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ২৪০ বস্তা ধান ট্রাকে করে নাটোরের বড়াইগ্রামের উদ্দেশে রওনা হন। রাতে সিংড়ার চৌগ্রাম এলাকায় পৌঁছান তিনি। এ সময় ছিনতাইকারীরা ট্রাকের গতিরোধ করে ধানবোঝাই ট্রাকটি ছিনতাই করে নিয়ে যান। এ ঘটনায় ঐ রাতেই ব্যবসায়ী মোজাম্মেল হক সিংড়া থানায় একটি মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ৭ জুন রাতে বগুড়ার শাজাহানপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় খালি ট্রাক জব্দ করে। এরপর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিংড়া এলাকার ইয়াছিন ও রানীনগর এলাকার মন্টু মিয়াকে আটক করে পুলিশ।
