যশোর শিক্ষা বোর্ডের অধীন কুষ্টিয়ার একটি কেন্দ্রে গতকাল শনিবার রিকি হালদার নামে এক পরীক্ষার্থী দিনের পরিবর্তে রাতের বেলায় বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা দিয়েছে। পূর্ব নির্ধারিত সময় সকাল ১০টার পরিবর্তে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কুষ্টিয়ার কুমারখালী এমএন হাই স্কুল কেন্দ্রে সে এই পরীক্ষা দেয়।
খ্রিস্টান ধর্মাবলম্বী রিকি হালদার ‘সেভেন্থ ডে এডভেন্টিস্ট সম্প্রদায়ের’ সদস্য। ধর্মীয় বিধি-বিধান মতে শনিবার দিনের বেলা ওই সম্প্রদায়ের সদস্যদের হাতে লেখা সম্পূর্ণ নিষেধ। ফলে ওই পরীক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে যশোর বোর্ড কর্তৃপক্ষ দিনের পরিবর্তে রাতের বেলায় পরীক্ষা গ্রহনের নির্দেশনা প্রদান করে। এ নির্দেশনা অনুয়ায়ী গতকাল রাতে তার পরীক্ষা গ্রহনের সব রকম ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া আগামী ৯,১৬ ও ২৩ ফ্রেবুয়ারি শনিবার অনুষ্ঠেয় পরীক্ষাগুলোও তার একইভাবে নেওয়া হবে। যশোর বোর্ডের ইতিহাসে বিশেষ ব্যবস্থায় রাতের বেলায় পরীক্ষার আয়োজন এটিই প্রথম।
কুমারখালী এমএন হাই স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ফিরোজ মহম্মদ বাশার জানান, রিকি হালদার গতকাল সন্ধ্যায় পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রে প্রবেশ করে। রাতে পরীক্ষা শেষে সে কেন্দ্র ত্যাগ করে। রিকি হালদার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলের ছাত্র এবং বিজ্ঞান বিভাগ থেকে সে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার পিতা রিপন হালদার এবং মা তৃষ্ণা হালদার দু’জনই কুষ্টিয়ার এডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুল (এইমস) ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান উপজেলার এমএন হাইস্কুল কেন্দ্রে এক পরীক্ষার্থীর রাতে পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এটি শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত বলে তিনি জানান। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, পরীক্ষার্থী রিকি হালদারের আবেদনের প্রেক্ষিতে ধর্মীয় বিষয়টি আমলে নিয়ে বোর্ড কর্তৃপক্ষ রাতের বেলায় পরীক্ষা গ্রহনের এ সিদ্ধান্ত নেয়।
