নির্যাতনে মৃত্যুর অভিযোগ দাফনের ১৭ দিন পর লাশ উত্তোলন

আপডেট : ২১ জুন ২০২১, ২২:৩০

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রভাবশালীদের নির্যাতনে মারা যাওয়ার অভিযোগ ওঠা রিকশাচালক ছকু মিয়ার লাশ দাফনের ১৭ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

গতকাল সোমবার বিকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদরপুর গ্রাম থেকে লাশটি উত্তোলন করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লোকমান হোসেনসহ সাদুল্লাপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাদুল্লাপুর থানার ওসি মো. মাসুদ রানা বলেন, আদালতের নির্দেশে গত শুক্রবার (গত ১৮ জুন) থানায় এই হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার বিকালে ছকু মিয়ার লাশ উত্তোলন করা হয়। তিনি আরো বলেন, বিকালেই লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

এর আগে গত ১৬ জুন নিহত ছকু মিয়ার ছেলে মোজাম্মেল হক গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শবনম মুস্তারীর আমলি আদালতে একটি পিটিশন মামলা করেন। আদালতের বিচারক আগামী ২৩ জুনের মধ্যে সাদুল্লাপুর থানাকে মামলা রেকর্ডভুক্ত করে মরদেহ উত্তোলনসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।