পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের কিলঘুসিতে মাটিতে পড়ে হূদেরাগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-কমলগঞ্জ সড়কের রাফসান ফুডরের সামনে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল আহমেদ (৪৫) শমশেরনগর ইউনিয়নের শিংলাউলী গ্রামের বাসিন্দা।
জানা যায়, শমশেরনগর বাজারের সিএনজি চালক আহাদ মিয়ার পরিবারের সঙ্গে একই এলাকার মুকুল মিয়ার পরিবারের পূর্ববিরোধ ছিল। এ বিরোধের জেরে আহাদ মিয়ার সদ্যবিদেশ ফেরত ছেলে মুন্না মিয়া ও তার আত্মীয় তুরন মিয়ার নেতৃত্বে একদল যুবক মুকুল মিয়ার ছেলে বাপ্পাকে মারধোর করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ ও সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন ও আব্দুল মোহিত সন্ধ্যায় সামাজিকভাবে এ ঘটনা সমাধানের আশ্বাস দেন। এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন শমশেরনগর চৌমুহনা সিএনজি অটোচালক সমিতিরি দুই জন চালকের সঙ্গে তর্কবিতর্ক শুরু হয়। পরে প্রতিপক্ষের কিলঘুষিতে মাটিতে পড়ে জুয়েল মারা যান। জুয়েলকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ লাশের সুরতহাল তৈীি করে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
