সরকারের বিরুদ্ধে বিএনপি পরিকল্পিতভাবে মিথ্যাচার করছে :কাদের

আপডেট : ২১ জুন ২০২১, ২২:৩৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা নিজেদের সময় দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা-মিথ্যাচারে নেমেছে। গতকাল সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপি উন্নয়নবিমুখ রাজনৈতিক দল উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, তাদের সময় বড় প্রকল্প নেওয়ার মানসিক সাহস ও সক্ষমতা ছিল না। চলমান মেগা প্রকল্প নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাল্পনিক অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নিজেদের আমলের ব্যর্থতা ঢাকতে এটা তাদের পরিকল্পিত মিথ্যাচার। প্রতিহিংসাপরায়ণ ও ব্যর্থ বিরোধীদলের ঈর্ষাকাতরতা ছাড়া আর কিছুই নয়। অব্যাহত মিথ্যাচার করে দেশের ইমেজ নষ্ট করা বিএনপির লক্ষ্য উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, নিজেরা ক্ষমতায় থাকাকালে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল। এখন শেখ হাসিনা সরকারের উন্নয়ন কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে দুর্নীতির গন্ধ খুঁজে বেড়ায়।

তিনি বলেন, বিএনপির শাসনামলে দুর্নীতিতে পাঁচ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দেশকে যে কলঙ্ক তিলক পড়িয়েছিল জনগণ এখনো তা ভুলে যায়নি। যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল তাদের মেগা প্রকল্প দেখে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক।

দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি স্পষ্ট ও কঠোর উল্লেখ করে তিনি বলেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হয়নি। অপরদিকে বিএনপি গঠনতন্ত্র থেকে দুর্নীতিবাজদের অযোগ্যতা বিষয়ক ধারা বাতিল করে দুর্নীতিবাজদের দল হিসেবে নিজেদের স্বীকৃতি দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সমৃদ্ধি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সড়ক অবকাঠামো খাতে পদ্মাসেতু, মেট্রোরেল, টানেলসহ যে কয়টি মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে-সেখানে কোনো দুর্নীতি হলে কাল্পনিক অভিযোগ না করে সুস্পষ্ট প্রমাণ দিন।