শ্রীমঙ্গলে নারীর পা ও বাঁশঝাড় থেকে দুই হাত উদ্ধার

আপডেট : ২১ জুন ২০২১, ২২:৩৭

সিলেটে খুন, ধর্ষণ যেন নিত্যদিনের ঘটনা। তারপর রয়েছে মাদকের ছড়াছড়ি। গতকাল সোমবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাঁচাউন গ্রামের এক কৃষকের কচুখেত থেকে মানুষের একটি পা এবং কাছের বাঁশঝাড়ের নিচ থেকে দুটি হাতের কাটা অংশ উদ্ধার করে পুলিশ। দেহের অন্যান্য অংশের সন্ধানে মাঠে কাজ করছে  পুলিশ। মির্জাপুর ইউনিয়ন বিট পুলিশ কর্মকর্তা এসআই কাশি চন্দ্র শর্মা বলেন, ধারণা করা হচ্ছে, কাটা অংশগুলো চার-পাঁচ দিন আগের। সকালে খেতে কাজ করতে গিয়ে ঐ কৃষক গলিত একটি কাটা পা দেখে পুলিশকে খবর দেন। পরে বাঁশঝাড়ের নিচে দুটি কাটা হাতের অংশ পাওয়া যায়। পা হাঁটু থেকে এবং হাত দুটো কনুই থেকে কাটা। পুলিশের ধারণা, হাত-পাগুলো কোনো নারীর। শিয়াল বস্তা থেকে টেনে বের করেছে।  সিলেট অঞ্চলে ইদানীং খুন, ধর্ষণসহ নানা অপকর্মের ঘটনা ঘটছে। প্রতিদিনই         লোমহর্ষক ঘটনার খবর আসছে। এতে সচেতন মহল উদ্বিগ।

এছাড়া মাদক ব্যবসা, পরকীয়ার কারণে স্বামীকে হত্যাসহ নানা অপকর্মের ঘটনা বেড়ে গেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. জসিম উদ্দিন বলেন, নানা কারণে মানুষের হতাশা বাড়ছে। ছোট বিষয় নিয়ে বিরোধ হচ্ছে। জীবনযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি, করোনা মহামারি ও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা ইত্যাদি কারণে এসব ঘটতে পারে।  

সিলেট এসএমপির এডিসি (মিডিয়া) আশরাফ উল্লাহ তাহের ইত্তেফাককে বলেন, পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে অপরাধকর্মের সঙ্গে জড়িতদের গ্রেফতার করছে। এর সঙ্গে সংশ্লিষ্ট ১ হাজার ৩৩১ জনকে গ্রেফতার করা হয়। সিলেটস্থ সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধূরী বলেন, বিচার কাজে দীর্ঘসূত্রতার প্রভাব পড়ছে সমাজে।   

সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (এমঅ্যান্ডসিএ) জেদান আল মুসা বলেন, তুচ্ছ কারণে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। পারিবারিক, সামাজিক বন্ধন, ধর্মীয় অবক্ষয় ও মূল্যবোধের উত্তরণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।