কুমিল্লায় পেট্রোল বোমা বিস্ফোরণ

খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি কাল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৯

কুমিল্লায় যাত্রীবাহী নৈশকোচে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় আট যাত্রী নিহতের ঘটনার পাঁচ বছর পূর্ণ হচ্ছে আজ রবিবার। ২০১৫ সালের এই দিনে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় এ নাশকতার ঘটনা ঘটেছিল। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় কুমিল্লার আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আগামীকাল সোমবার ধার্য করা হয়েছে। 

জানা যায়, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোররাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগাম            ী  আইকন পরিবহনের নৈশ কোচটি জগমোহনপুর নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলে বাসের সাতজন ও হাসপাতালে নেয়ার পর একজনসহ মোট আট যাত্রী মারা যান। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে হত্যা ও নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। মামলার ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়। পরে অধিকতর তদন্ত শেষে খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে ২০১৭ সালের ১৬ নভেম্বর কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন সম্পূরক চার্জশিট দাখিল করেন।

খালেদা জিয়ার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু সাংবাদিকদের জানান, নাশকতার মামলায় গত বছরের ৬ আগস্ট হাইকোর্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছিল। পরে গত ২৭ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের ডিভিশন বেঞ্চ এ মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছে। তবে ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় কুমিল্লার আদালতে বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি সোমবার ধার্য করা রয়েছে। ৪ ফেব্রুয়ারির মধ্যে আবেদনটি নিষ্পত্তির জন্য হাইকোর্টের নির্দেশনা রয়েছে।