ডাকাতিয়া নদীর অবৈধ দখল ও দূষণ বন্ধে হাইকোর্টের রুল

আপডেট : ২১ জুন ২০২১, ২২:৩৮

চাঁদপুরের ডাকাতিয়া নদীর অভ্যন্তরের সব প্রকার অবৈধ দখল, দূষণ বন্ধ এবং স্থাপনা অপসারণের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। নদী কমিশনের চেয়ারম্যান, চাঁদপুরের জেলা প্রশাসক, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ গত রবিবার এই আদেশ দেন। রুলে ডাকাতিয়া নদীর অবৈধ দখল ও দূষণ বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

ডাকাতিয়া নদীর অবৈধ দখল ও দূষণ বন্ধে হাইকোর্টে রিট করেন স্থানীয় বাসিন্দা মো. আবু তাহেরসহ অন্যরা। ঐ রিট আবেদনের পক্ষে আইনজীবী সৈয়দ আহম্মেদ, উজ্জ্বল ভৌমিক এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি রায় শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে।